তিন মাস নিষেধাজ্ঞার পর আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছেন জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকেরা। পর্যটকদের বরণ করতে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্টরা; জীবিকা সংগ্রহে বনজীবীরাও প্রবেশ করতে শুরু করেছেন বনে।
বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ছিল। তিন মাস পর বন উন্মুক্ত হওয়ায় আনন্দ থাকলেও জেলেদের অভিযোগ, সুন্দরবনে প্রবেশ করতে দস্যুদের অগ্রিম টাকা দিতে হয়; না দিলে নৌকা আটকে জিম্মি করা, মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণের ঘটনায় গত তিন মাসে ৫৫টি মামলা ও ৪৪ জনকে আটক করা হয়েছে। বন বিভাগ বলছে, দস্যুতা দমনে অভিযান চলমান রয়েছে; বন খোলার আগে বনজীবীদের নিরাপত্তায় কোস্টগার্ড, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলে দেওয়া হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!