উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

টেকনাফের জনদুর্ভোগ নিরসনে ইউএনওর কাছে এনসিপির স্মারকলিপি প্রদান

টেকনাফের জনদুর্ভোগ নিরসনে ইউএনওর কাছে এনসিপির স্মারকলিপি প্রদান
লেখা বড়/ছোট করুন:

টেকনাফের আইনশৃঙ্খলা, জনদুর্ভোগ নিরসন ও নাগরিক অধিকার নিশ্চিতকরণে ইউএনও বরাবর এনসিপির ১২ দফা স্মারকলিপি টেকনাফ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ১২ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে টেকনাফের বিদ্যমান নিরাপত্তা সংকট, সীমান্ত অপরাধ, অপহরণ, মাদক চোরাচালান, বাজার ব্যবস্থাপনা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং সেন্টমার্টিনের মানুষের যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। স্মারকলিপিতে উত্থাপিত ১২ দফা দাবির মধ্যে রয়েছে—

১. পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সমন্বয়ে একটি সম্মিলিত টাস্কফোর্স গঠন।

২. নাফ নদী ও সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ টহল জোরদার করে সীমান্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

৩. পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা এবং অপহৃত ব্যক্তিদের দ্রুত উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

৪. মাদক চোরাচালান ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মূল হোতাদের আইনের আওতায় আনা।

৫. টেকনাফ অঞ্চলের নিরাপত্তা জোরদারে অনুমোদিত সেনা ক্যাম্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন।

৬. টেকনাফের স্থায়ী বিদ্যুৎ গ্রিডের চলমান কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে কার্যকর তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

৭. নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে অবৈধ টোল আদায় বন্ধে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা।

৮. ইউনিয়ন পরিষদগুলোতে জন্মনিবন্ধনসহ সকল সরকারি সেবার নির্ধারিত ফি তালিকা জনসাধারণের জন্য দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা।

৯. কৃষিজমি রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ভরাট হয়ে যাওয়া খালসমূহ জরুরি ভিত্তিতে পুনঃখনন করা।

১০. টেকনাফে কর্মরত বিভিন্ন এনজিওতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় শিক্ষিত যুবকদের জন্য কমপক্ষে ২৫ শতাংশ অগ্রাধিকার বা কোটা নিশ্চিত করা।

১১. স্থানীয় জনগণের জীবিকা সুরক্ষা ও যানজট নিরসনের স্বার্থে রোহিঙ্গা চালকদের অটোরিকশা ও টমটম চালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ।

১২. সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও জরুরি যাতায়াতের সুবিধার্থে সি-ট্রাক চালুর ব্যবস্থা করা।

এনসিপি টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ আরও জানান, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টেকনাফ উপজেলা শাখা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!