উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক, বৃহস্পতিবার বায়তুল মোকাররমে সমাবেশ

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক, বৃহস্পতিবার বায়তুল মোকাররমে সমাবেশ
লেখা বড়/ছোট করুন:

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালন করবে দলটির ঢাকা মহানগর শাখা।

বুধবার (৩ জুন) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একইদিন বিদ্যুতের পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ১৯.৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩.৯৬ শতাংশ।

জামায়াতের বিবৃতিতে সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিইআরসি কর্তৃক তাড়াহুড়া করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।’

‘সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর এক বড় ধরনের জুলুম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর আবার বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি “মড়ার ওপর খাঁড়ার ঘা” হিসেবে দেখা দেবে।’ তিনি আরও জানান, ‘বিদ্যুতের এই দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। নতুন দরে অকটেন ও পেট্রোলের পাশাপাশি কেরোসিনের দামও লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!