দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে প্রীতি ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা। এই সময়ে বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকার শিরোপাও ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। কিন্তু উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে সেই দীর্ঘ অজেয় যাত্রায় ছেদ পড়েছে লিওনেল স্কালোনির দলের। ২৭৯৩ দিন পর প্রীতি ম্যাচে হারল আর্জেন্টিনা। তবে ঘরের মাঠে প্রীতি ম্যাচে তাদের সর্বশেষ হারটি ছিল প্রায় ৩০ বছর আগে, ১৯৯৬ সালে।
আর্জেন্টিনার সর্বশেষ প্রীতি ম্যাচে হার ছিল ২০১৯ সালের মার্চে। সেবার স্পেনের মাদ্রিদে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। এরপর থেকে টানা অপরাজিত ছিল দলটি। শনিবার উরুগুয়ের বিপক্ষে হারে অবসান ঘটল সেই ধারার।
ভেনেজুয়েলার বিপক্ষে ২০১৯ সালের সেই ম্যাচটি ছিল লিওনেল মেসির জাতীয় দলে ফেরার ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের পর প্রথমবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
সেই সময় আর্জেন্টিনার কোচ হিসেবে অন্তর্বর্তী দায়িত্বে ছিলেন স্কালোনি। ২০১৯ কোপা আমেরিকার পর তাকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের দায়িত্বে তার অষ্টম ম্যাচ।
তবে ঘরের মাঠে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সর্বশেষ হারের স্মৃতি আরও পুরোনো। ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর যুগোস্লাভিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল দলটি। এরপর থেকে নিজেদের মাঠে প্রীতি ম্যাচে আর হারেনি আর্জেন্টিনা। দীর্ঘ তিন দশকের সেই অজেয় ধারারও এবার অবসান ঘটল উরুগুয়ের বিপক্ষে হারে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!