সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। একদিকে আট বছর পর শেষ চারে ফেরা পাকিস্তান, অন্যদিকে গত আসরের হতাশা পেছনে ফেলে ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর বাংলাদেশ। মাঠের লড়াইয়ে কে জিতবে, তা জানা যাবে ম্যাচ শেষেই। তবে অতীতের পরিসংখ্যান ও ফিফা র্যাঙ্কিং—দুই বিবেচনাতেই পাকিস্তানের চেয়ে এগিয়ে হামজা চৌধুরীর বাংলাদেশ।
শনিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় সেমিফাইনাল। এর আগে ২০২৩ সালের আসরেও শেষ চারে খেলেছিল বাংলাদেশ। সেবার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কুয়েতের গোলে ভেঙে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান হামজারা।
অন্যদিকে পাকিস্তানও সেমিফাইনালের আগে শক্তি বাড়িয়েছে। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে পারেননি পাঁচ প্রবাসী ফুটবলার। তবে সেমিফাইনালের আগে দলে যোগ দিয়েছেন আবদুল্লাহ ইকবাল, ইসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ। তাদের অন্তর্ভুক্তি পাকিস্তান দলকে বাড়তি শক্তি জোগাবে।
আট বছর পর সাফের শেষ চারে উঠেছে পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বার সেমিফাইনাল খেলছে তারা। এর আগে সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল দলটি। এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পায়নি পাকিস্তান। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ।
তবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের সাতবারের দেখায় বাংলাদেশ জিতেছে তিন ম্যাচে, পাকিস্তান দুটিতে। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৯৫ সালে, সেবার জিতেছিল পাকিস্তান। ১৯৯৯ সালে ৪-০ গোলের বড় জয় দিয়ে জবাব দেয় বাংলাদেশ। এরপর ২০০৫ সালে করাচিতে সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০৯ ও ২০১১ সালের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়। ২০১৩ সালে পাকিস্তান ২-১ গোলে জিতলেও ২০১৮ সালের সর্বশেষ দেখায় ১-০ গোলের জয় পায় বাংলাদেশ।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে সাত ম্যাচে, পাকিস্তান ছয়টিতে। বাকি চার ম্যাচ ড্র হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে বাংলাদেশ। ১৮২তম অবস্থানে আছে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান ১৯৭তম।
শনিবার দিনের প্রথম সেমিফাইনালে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান। সাফ চ্যাম্পিয়নশিপে আগের তিন দেখাতেই ভুটানকে হারিয়েছে ভারত। তবে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে ভুটানও। দিনের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে জয়ী দল ফাইনালে জায়গা করে নেবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!