উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ধাক্কা ফ্রান্সের, এমবাপ্পের খেলা অনিশ্চিত

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ধাক্কা ফ্রান্সের, এমবাপ্পের খেলা অনিশ্চিত
লেখা বড়/ছোট করুন:

উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বৃহস্পতিবারের ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে।

ফরাসি সংবাদমাধ্যম 'লেকিপ'-এর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার মিলানের উদ্দেশে দলের উড়াল দেওয়ার আগে দলের প্রথম অনুশীলনে ছিলেন না এমবাপ্পে। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে সতর্কতা হিসেবে তাকে অনুশীলনের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

চলতি আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে এমবাপ্পে ছাড়াও আরও তিনজনকে হারিয়েছে ফ্রান্স। ইনজুরির কারণে দল থেকে আগেই ছিটকে গেছেন অরেলিয়েঁ চুয়ামেনি, পিয়েরে কালুলু ও মার্কাস থুরাম। ফলে ইতালির বিপক্ষে ম্যাচের আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে ফরাসিদের।

এর আগে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতেও পুরো সময় খেলতে পারেননি এমবাপ্পে। জিনেদিন জিদানের অধীনে ফ্রান্সের প্রথম ক্যাম্পেও চোটের কারণে আগেভাগে দল ছেড়েছিলেন এই তারকা।

তবে এবার তার চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। ইতালির বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে খেলার সম্ভাবনা কম থাকলেও রোববার তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে তাকে ফেরানোর আশা করছে ফ্রান্সের টিম ম্যানেজমেন্ট।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!