উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

২৬ বছর বয়সে ‘রাজপুত্র’ হলেন এক সেলসম্যান, ডিএনএ টেস্টে মিলল পরিচয়

২৬ বছর বয়সে ‘রাজপুত্র’ হলেন এক সেলসম্যান, ডিএনএ টেস্টে মিলল পরিচয়
লেখা বড়/ছোট করুন:

বেলজিয়ামের এক গাড়ির শোরুমের সেলসম্যান ২৬ বছর বয়সে দেশটির ‘রাজপুত্র’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ডিএনএ টেস্টে দেখা গেছে, ক্লেমেন্ট ভ্যানডেনকার্কহোভ নামের ওই সেলসম্যান আসলে দেশটির বর্তমান রাজা ফিলিপের ভাই প্রিন্স লরেন্টের ছেলে। খবর সিএনএনের।

ক্লেমেন্টের মা একজন বেলজিয়ান গায়িকা। নব্বইয়ের দশকে তার সঙ্গে প্রিন্স লরেন্টের প্রেমের সম্পর্ক ছিল। এক দশক আগে ক্লেমেন্টের বয়স ১৬ বছর হওয়ার পর তার মা তাকে পিতৃপরিচয় সম্পর্কে অবহিত করেন।

ডিএনএ টেস্টে রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক প্রমাণিত হওয়ার পর এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজা ফিলিপের ছোট ভাইয়ের ছেলে এবং আইনি উত্তরাধিকারী হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) প্রিন্স লরেন্ট বেলজিয়ামের সিভিল রেজিস্ট্রিতে ক্লেমেন্টের পিতা হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এই স্বীকৃতির ফলে নতুন রাজপুত্র লরেন্টের ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে তার সৎ-বোন প্রিন্সেস লুইস এবং সৎ-ভাই প্রিন্স নিকোলাস ও প্রিন্স আইমেরিকের সমান উত্তরাধিকার লাভ করবেন। তবে তিনি কোনো রাজকীয় ভাতা পাবেন না, কোনো সরকারি দায়িত্ব পালন করতে হবে না এবং বেলজিয়ামের সিংহাসনে তার কোনো অধিকার থাকবে না।

ক্লেমেন্ট চাইলে পিতার পারিবারিক নাম ‘সাক্সে-কোবার্গ’ গ্রহণ করতে পারতেন, তবে তিনি ফ্লেমিশ সংবাদপত্রকে বলেন, ‘ক্লেমেন্ট ভ্যানডেনকার্কহোভ নামটির জন্য আমি গর্বিত। আমি যদি এই নাম ত্যাগ করি, তা হবে আমার মায়ের প্রতি বিশ্বাসঘাতকতা।’

প্রিন্স লরেন্টের সঙ্গে ১৯৯০-এর দশকে প্রেম হয়েছিল গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের (আসল নাম আইরিস ভ্যানডেনকার্কহোভ)। ২০০০ সালের আগস্টে তাদের ঘণে ক্লেমেন্টের জন্ম হয়।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!