যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তির সম্ভাবনা কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ ডলার ২৮ সেন্টে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবারও তেলের দাম বেড়ে গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সুযোগ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্যও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে।
এদিকে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে কটাক্ষ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমেরিকা হরমুজ প্রণালি খুলে দিতে পারছে না, অথচ তারাই আবার এই প্রণালির মালিকানা দাবি করছে। এই দুই অবস্থানের ব্যবধান ওয়াশিংটন থেকে হরমুজ প্রণালির ৭ হাজার মাইল (১১ হাজার ২৬৫ কিলোমিটার) দূরত্বের চেয়েও বেশি।’
তিনি আরও লিখেছেন, ‘পারস্য উপসাগরে আমেরিকাবিহীন নতুন ব্যবস্থায় স্বাগতম।’
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!