২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। প্রায় সোয়া দুই বছর পরও তিনি সেখানেই রয়েছেন। এরই মধ্যে দেশের আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া কয়েক মাস আগে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন এবং এখন পর্যন্ত সেই ঘোষণাতেই অনড় আছেন বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। যদিও ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ জানাননি তিনি।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহূর্তে তার 'হোস্ট কান্ট্রি' আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত। তবে এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কোনো ভূমিকা আছে কি না, সে প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা এক প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি। অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি—দুই পক্ষই এই ব্যাপারে একমত হয়েই এই ঘোষণা এসেছে।
দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটি ইস্যু হয়ে উঠেছে। ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সেখানে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।
বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই—সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।
শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার 'নোট ভার্বাল' বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরেই। এরপর একাধিকবার তাগাদাও দেওয়া হয়েছে। ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনো সাড়া দেয়নি—হ্যাঁ বা না কিছুই বলেনি।
ভারতের পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু। তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর রয়েছে, যা কাজে লাগিয়ে কোনো অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারত ঠিক সেরকম কিছুই করছে।
দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটি। প্রথমত, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজ বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে—আকাশপথে সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে গিয়ে। দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, 'আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।' সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্ব ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে।
দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, তাদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক, আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন। জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ—বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই জিগস-পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে—তাও আগামী দুই-তিন সপ্তাহের ভেতর—সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহূর্তে ধারণা করা হচ্ছে। ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।
দিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, 'আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি।' পাশাপাশি শেখ হাসিনার ফেরার ঘোষণায় বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরাও অনেক উজ্জীবিত বোধ করছেন। ভারত যেহেতু চায় বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটুক, ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণার সেটাও একটি ইতিবাচক দিক বলে দিল্লি মনে করছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!