ভারতে ক্রমবর্ধমান জনঅসন্তোষ নিরসনে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হলে ‘বাংলাদেশ ও নেপালের চেয়েও খারাপ পরিস্থিতির’ মুখোমুখি হতে পারে ভারত। দেশটির কংগ্রেস নেতা ও ঝাড়খণ্ডের স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ইরফান আনসারি এমন সতর্কবার্তা দিয়েছেন।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোটার তালিকার নিবিড় সংশোধনসহ (এসআইআর) বিভিন্ন স্পর্শকাতর ইস্যু ও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
এসময় আনসারি বলেন, ‘দেশ (ভারত) ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আমার দেখা হয়েছে। প্রায় ৪০ লাখ তরুণ রাস্তায় রয়েছে, তারা প্রত্যেকেই ঘরের সামনে অবস্থান করছে, কেবলমাত্র একটা নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। ওরা রাহুল গান্ধী ছাড়া এক পা-ও এগোবে না। কিন্তু রাহুল গান্ধীই এতদিন এই তরুণদের আটকে রেখেছেন। ৪০ লাখ তরুণ... আপনারা কত সৈন্য মোতায়েন করবেন? সেনাবাহিনী কি আমাদের শিক্ষার্থীদের পথ আটকাতে পারবে?’
আনসারির দাবি, ‘কৃষক, মধ্যবিত্ত, দলিত, আদিবাসী ও মুসলিমসহ সমাজের বিভিন্ন অংশ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সরকার কি এই সমস্যার জন্য তৈরি হয়েছে। আমি ফের বলতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সচেতন না হন, তবে দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হবে। মনে রাখবেন, সেক্ষেত্রে বাংলাদেশের থেকেও পরিস্থিতি খারাপ হতে পারে এমনকি নেপালের থেকে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে। আমার কথাটা লিখে রাখুন।’
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!