বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এই পাল্টা আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির বরাত দিয়ে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, হরমুজ প্রণালিতে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে আগ্রাসী শত্রুপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির মহাকাশ বাহিনী কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছিল, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে 'শত্রুপক্ষের' হামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে এলাকাটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
প্রসঙ্গত, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!