ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (৩১ আগস্ট) ভোরে দেশটির বিভিন্ন স্থান থেকে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যেই এই হামলা করা হয়। এর আগে লারাক দ্বীপে হামলার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের প্রেস টিভিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে থাকা মার্কিন নৌযানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে বিস্ফোরণের খবরও প্রচার করা হয়েছে।
ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'পাল্টা জবাব আসছে; শুধু দৌড়ান!' তিনি আরও বলেন, 'যে পর্যায়েই অপরাধ করা হোক, তার জবাব ধ্বংসাত্মক, আরও যন্ত্রণাদায়ক এবং শিক্ষণীয় হবে।'
এর আগে রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় (জুলাইয়ের পর ইরানের ভূখণ্ডে প্রথম হামলা)। আইআরজিসি জানিয়েছে, ওই হামলায় তাদের কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং এর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান-ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জুনে সমঝোতার কাঠামোতে পৌঁছালেও হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধের পর জুলাইয়ে যুক্তরাষ্ট্র টানা দুই সপ্তাহ বোমা হামলা ও নৌ অবরোধ পুনর্বহাল করে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!