ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ একসময় শেষ করতেই হবে। তিনি মনে করেন, 'আজই যুদ্ধ শেষ করা ভালো—যখন আমরা শক্তিশালী ও সম্মানিত অবস্থানে আছি, যখন পুরো বিশ্ব আমাদের বিজয় স্বীকার করছে।'
শুক্রবার (২১ আগস্ট) ইরানের মেডিকেল কমিউনিটির ইসলামিক অ্যাসোসিয়েশনের ৩১তম সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান জানান, বিশ্ব এখন স্বীকার করছে যে যুক্তরাষ্ট্র সব ধরনের নিয়মকানুন উপেক্ষা করে ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়েছে, যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে।
তিনি দেশের অভ্যন্তরে জনঅসন্তোষের বিষয়টিও স্বীকার করে বলেন, যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে এবং সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে পড়েছে। ইরানের বন্দর ও জাহাজের ওপর মার্কিন নৌ-অবরোধ আমদানি-রফতানিতে বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে বলে জানান তিনি।
জ্বালানি ভর্তুকি নিয়েও প্রশ্ন তোলেন পেজেশকিয়ান। তিনি বলেন, সরকার প্রতি লিটার পেট্রোল ১ লাখ ৩০ হাজার তুমান দরে কিনে মাত্র ১ হাজার ৫০০ তুমানে বিক্রি করলে তা টেকসই নয়। এতে খাদ্য ভর্তুকি ও বীমা কর্মসূচিতে অর্থায়ন কঠিন হয়ে পড়তে পারে এবং শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সরকারি কর্মচারীদের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!