হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজে চলাচলে ইরানের নির্ধারিত নিয়ম না মানা জাহাজ পরবর্তীকালে প্রণালিটি দিয়ে যাওয়ার সময় জরিমানা, আটক বা জব্দের মুখে পড়তে পারে। এমনকি নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে সহযোগিতা করা জাহাজগুলোকেও শাস্তির তালিকায় যুক্ত করা হবে।
রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি কর্তৃপক্ষ।
উপসাগরীয় অঞ্চলে পণ্য আনা-নেয়ার কাজে নিয়োজিত কোম্পানিগুলোকে কোনো জাহাজ ভাড়া করার আগে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তালিকাভুক্ত জাহাজগুলোর হালনাগাদ তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে ইরান। তালিকাভুক্ত জাহাজগুলোকে সহযোগিতা করা জাহাজগুলোকেও রোববার থেকে তালিকায় যুক্ত করা হবে, যার মধ্যে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর ও পরিবহন অন্তর্ভুক্ত।
তালিকা থেকে কোনো জাহাজের নাম বাদ দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে, যাতে নাম বাদ দেয়ার কারণও উল্লেখ থাকতে হবে।
হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অচলাবস্থার মধ্যেই এই হুঁশিয়ারি দেয়া হলো। এর আগে গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল, যাতে সরাসরি সামরিক সংঘাত বন্ধ ও বিস্তৃত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরুর কথা ছিল। তবে পরবর্তীতে মতবিরোধে আলোচনা থমকে যায় এবং বাস্তবায়ন আটকে যায়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!