করাচির একটি রেস্তোরাঁয় মানুষের বদলে খাবার পরিবেশন করে গ্রাহকদের চমকে দিচ্ছে মানুষের আকৃতির রোবট ওয়েট্রেস। রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই অভিনব রেস্তোরাঁর চিত্র তুলে ধরা হয়েছে। খবর ডনের।
'রোবিয়া' ও 'জোজো' নামের এই দুই রোবট তৈরি করেছেন পাকিস্তানি প্রকৌশলী সৈয়দ ওসামা আজিজ। মূলতানে অবস্থিত নিজস্ব ল্যাবে 'কোবট' নামের কোম্পানির মাধ্যমে দেশীয় ও কিছু বিদেশি যন্ত্রাংশের সমন্বয়ে এগুলো বানিয়েছেন তিনি।
এই রোবটগুলোর রয়েছে গোলাকার সাদা মাথা, গাঢ় ভাইজর এবং জ্বলজ্বলে লাল এলইডি চোখ। স্থানীয় সংস্কৃতির ছোঁয়া রাখতে এদের গলায় ওড়নার মতো কালো দুপাট্টা পরানো হয়েছে। এরা যান্ত্রিক কণ্ঠে গ্রাহকদের স্বাগত জানায়।
যুক্তরাষ্ট্র বা চীনের মতো দেশগুলোতে খাবার পরিবেশনে রোবটের ব্যবহার হরহামেশাই দেখা যায়। তবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এটি একেবারেই বিরল, যা করাচির 'দ্য সিসিলিয়ান' রেস্তোরাঁয় এক বৈজ্ঞানিক কল্পকাহিনীর আবহ তৈরি করেছে।
রোবটগুলো টেবিলে খাবার নিয়ে এলে গ্রাহক নিজেই ট্রে থেকে খাবার নামিয়ে নেন অথবা রেস্তোরাঁর কর্মীরা সাহায্য করেন। আজিজ জানান, পাকিস্তানে রোবট তৈরির সরঞ্জাম সহজে পাওয়া যায় না বলে এগুলো জোগাড় করতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।
ভবিষ্যতে এই রোবটগুলোকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে উদ্ভাবক ওসামা আজিজের। তিনি জানান, এতে ক্যামেরা ও ইমেজ-প্রসেসিং প্রযুক্তি যুক্ত করা হবে, যাতে রোবটগুলো গ্রাহককে চিনে আগের অর্ডারের ওপর ভিত্তি করে নতুন খাবারের পরামর্শ দিতে পারে।
আপাতত অভিনব এই রোবটগুলো দেখতে পরিবার নিয়ে রেস্তোরাঁয় ভিড় জমাচ্ছেন অসংখ্য কৌতূহলী গ্রাহক। শিশুদের উচ্ছ্বাস আর গ্রাহকদের সেলফি তোলার ধুমের কারণে রেস্তোরাঁটির ব্যবসায় ব্যাপক প্রসার ঘটেছে বলে জানিয়েছেন রেস্তোরাঁর কর্মীরা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!