ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। কলকাতা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। এছাড়া অগ্নিকাণ্ডে আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেলের আবাসিক অতিথি মো. রফিকুল ইসলাম জানান, রাতে তিনতলায় আগুন লেগে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনীর সদর দপ্তর থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। নিহতরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। ভবনটিতে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, যেখানে মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও রোগীরা অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!