ইসরায়েলের সামরিক অভিযান ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটি সম্পর্কে ব্রিটিশদের মনোভাবে বড় পরিবর্তন এসেছে। নতুন এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের প্রায় ৮০ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। একইভাবে যুক্তরাষ্ট্রকেও হুমকি হিসেবে দেখছেন ৭৪ শতাংশ ব্রিটিশ। জরিপে রাশিয়া, চীন ও ইরান সম্পর্কেও ব্রিটিশদের মনোভাব উঠে এসেছে।
সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, গত সপ্তাহে প্রকাশিত ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, দেশটির ৭৮ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন। ২০০৫ সালে এই হার ছিল ৪৮ শতাংশ।
অর্থাৎ বর্তমানে ব্রিটিশদের প্রতি পাঁচজনের মধ্যে প্রায় চারজনই মনে করেন, বিশ্বশান্তির জন্য ইসরায়েল বড় ধরনের হুমকি। গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার ঠিক পরপরই জরিপটি চালানো হয়।
এর আগে গত জুলাইয়ে কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে ইউগভের করা এক জনমত জরিপে দেখা যায়, ব্রিটিশদের মাত্র ১৭ শতাংশ মনে করেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না।
সংবাদমাধ্যম বলছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির পরিবারগুলোকে জ্বালানি, খাবার ও বাড়ির ঋণের কিস্তিতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধের আর্থিক চাপ এখন সরাসরি এসে পড়েছে ব্রিটিশ পরিবারগুলোর ওপর।
গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম সুদের হার বাড়াল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে গৃহঋণ নেওয়া ব্যক্তিদের কিস্তির পরিমাণ বাড়বে। পাশাপাশি নতুন করে বাড়ির ঋণ নেওয়া বা পুরোনো ঋণ নবায়নের খরচও বাড়বে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!