কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটিতে হামলার বিষয়ে বড়াই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে গাজায় পাঠানো অর্থ সহায়তার বাইরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলে ইসরায়েলে ওঠা অভিযোগও নাকচ করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কাতার একটি ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র। তিনি দম্ভের সঙ্গে বলেন, 'আমি কাতারে আক্রমণ করেছি, যুদ্ধের সময় সেখানে হামলা চালিয়েছি। তারাও আমার ওপর আক্রমণ চালিয়েছে।'
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি বিমান হামলার এক বছর পূর্তির ঠিক কয়েক দিন আগে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত এক বৈঠকের সময় ওই হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতিমালার চরম লঙ্ঘন’ ও ‘কাপুরুষোচিত’ আক্রমণ বলে নিন্দা জানায়। ইরান, পাকিস্তানসহ কয়েকটি দেশ এবং জাতিসংঘ মহাসচিব এই হামলার তীব্র নিন্দা জানান।
ওই মাসের শেষ দিকে হোয়াইট হাউসে নেতানিয়াহু ও ট্রাম্প যৌথভাবে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চান। নেতানিয়াহু সাক্ষাৎকারে বলেন, কাতারের অর্থ মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য গাজায় পাঠানো হয়েছিল; তবে সমালোচকরা অভিযোগ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রস্তুতিতে এই অর্থ ব্যবহৃত হয়েছিল। কাতার এসব অভিযোগ অস্বীকার করেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!