ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে বলে বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কথিত এই হত্যাচেষ্টা কীভাবে বা কখন করা হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। এমনকি তার দুই ছেলের মধ্যে কাকে লক্ষ্য করে এই চেষ্টা করা হয়েছিল, সেটিও স্পষ্ট করেননি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলের চ্যানেল ১৪-কে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, 'অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছে। ইরান আমার এক ছেলেকে টার্গেট করেছিল। ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল।'
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে—এমন খবর নিয়ে আলোচনার সময় তিনি এই দাবি করেন। নেতানিয়াহু বলেন, 'তাই তারা (পরিবার) যে নিরাপত্তা পাচ্ছে, তা কোনো বিলাসিতা নয়।'
নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার ২০২৪ সাল থেকে মিয়ামিতে অবস্থান করছেন এবং শিন বেতের নিরাপত্তার আওতায় ছিলেন। ছোট ছেলে আভনার জীবনের বেশিরভাগ সময় ইসরায়েলে কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা নেতানিয়াহু বলেন, 'এই নিরাপত্তা না থাকলে তারা সফল হতে পারত।'
ইয়ারের যুক্তরাষ্ট্রে অবস্থানকে ঘিরে করদাতাদের অর্থ ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া দক্ষিণ ফ্লোরিডার বাসিন্দারা ইসরায়েলের শত্রুদের হামলার লক্ষ্যবস্তু হতে পারেন বলেও আলোচনা রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!