উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা নেতানিয়াহুর, ‘দাঙ্গাবাজ’ আখ্যা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা নেতানিয়াহুর, ‘দাঙ্গাবাজ’ আখ্যা
লেখা বড়/ছোট করুন:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একের পর এক হামলা নিয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কুসরা ও জালুদসহ বিভিন্ন এলাকায় এসব হামলায় বহু ফিলিস্তিনি আহত হয়েছেন, পুড়িয়ে দেয়া হয়েছে বিভিন্ন স্থাপনা। তিনি এই ঘটনার 'তীব্র নিন্দা' জানিয়ে হামলাকারীদের 'দাঙ্গাবাজ' আখ্যা দিয়েছেন।

তবে নেতানিয়াহুর নিন্দার পরও হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, বসতি স্থাপনকারীদের এসব হামলাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখিয়ে বৃহত্তর বসতি সম্প্রসারণ প্রকল্পকে আন্তর্জাতিক সমালোচনা থেকে আড়াল করাই তার এই অবস্থানের মূল উদ্দেশ্য।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে আহত করে এবং একটি অ্যাম্বুলেন্সও হামলার শিকার হয়। ফারাআ শরণার্থীশিবির, আল-বিরেহ ও আল-মুঘাইয়ের এলাকায় ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ে। জালুদ গ্রামে একটি ফিলিস্তিনি পরিবার ও এনবিসির সাংবাদিক দল হামলার শিকার হয়।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এসব ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে বিশ্লেষক ইহাব জাবারিন বলেন, নেতানিয়াহু একটি 'রাজনৈতিকভাবে দায় এড়ানোর প্রক্রিয়া' অনুসরণ করছেন—বৃহত্তর বসতি প্রকল্পকে রক্ষা করতে কয়েক ডজন হামলাকারীকে বিচ্যুত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

ইসরায়েলি সংগঠন পিস নাউয়ের তথ্য অনুযায়ী, ৩০ বছরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর সংখ্যা ১ লাখ ১০ হাজার থেকে ৪ লাখ ৬৫ হাজারে এবং পূর্ব জেরুজালেমে ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। ২০২৫ সালে ৫৪টি নতুন বসতি অনুমোদন দেওয়া হয়েছে (২০২৪ সালে ছিল ৫টি)। জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর ১ হাজার ৫৪০টির বেশি বসতি স্থাপনকারী হামলা নথিভুক্ত হয়েছে, যা রেকর্ড শুরুর পর সর্বোচ্চ।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!