ব্যাংক ধসের ঘটনায় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাংকে গ্রাহকদের আমানত আটকে যাওয়ার পর ক্ষমতাচ্যুত প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে গৃহবন্দি করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সরকারি ব্যাংকের পতনের ঘটনায় দায়িত্বে অসদাচরণের অভিযোগে সিনেট তাকে পদ থেকে অপসারণ করে। পরে তাকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো আলিয়ানা। এদিন ৫২ বছর বয়সী আলিয়ানা দক্ষিণ আমেরিকার এই দেশটির ৫৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে ২০২৩ সালে সান্তিয়াগো পেনার মেয়াদ শুরুর পর থেকে আলিয়ানা তার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বার্তা সংস্থা এপি বলছে, ওই ব্যাংক ধসের কারণে দেশটির ৬০ লাখ মানুষের প্রায় অর্ধেকই নিজেদের সঞ্চয় ব্যবহারের সুযোগ হারিয়েছেন। শুক্রবার উপস্থিত ৪৪ জন সিনেটরের সবাই পেনাকে অপসারণের পক্ষে ভোট দেন। ১৯৮৯ সালে জেনারেল আলফ্রেদো স্ত্রোসনারের ৩৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া দ্বিতীয় প্যারাগুয়ের প্রেসিডেন্ট তিনি।
সিনেটের রায় ঘোষণার সঙ্গে সঙ্গে দেশটির অন্যতম স্থিতিশীল প্রেসিডেন্সির অবসান ঘটে। এ সময় কংগ্রেসের বাইরের চত্বরে জড়ো হওয়া মানুষের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। আমানতকারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও জাতীয় ফুটবল দলের জার্সি পরা শিক্ষার্থীরা প্যারাগুয়ের পতাকা হাতে গান গাইতে থাকেন এবং একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের স্লোগান ছিল, 'আর কখনো স্বৈরশাসন নয়!'
এর মাত্র তিনদিন আগে নিয়ন্ত্রক সংস্থাগুলো উয়েনো ব্যাংক জব্দ করে। এতে দেশটির আর্থিক ব্যবস্থায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!