মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সফরকে কেন্দ্র করে ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনদিনের জন্য সব ধরনের হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে এই সাময়িক ‘যুদ্ধবিরতি’ কার্যকর হবে। খবর আনাদোলুর।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিয়েভে মার্কিন প্রতিনিধি দলের সম্ভাব্য বৈঠকের বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 'রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ মধ্যরাত থেকে আগামী তিন দিনের জন্য কিয়েভে সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিয়েভে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটেই এই পদক্ষেপ।'
পেসকভ আরও জানান, শনিবার সন্ধ্যায় উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠক করবেন পুতিন; সেখানে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে শনিবার সকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার জন্য মস্কোয় পৌঁছান উইটকফ ও কুশনার। মস্কো সফর শেষে রোববার (৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো তাদের কিয়েভ সফর করার কথা রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, উইটকফ ও কুশনারের রাশিয়া সফরকালে কিয়েভ কোনো হামলা চালাবে না এবং মার্কিন প্রতিনিধি দল ইউক্রেনে পৌঁছালে রাশিয়াকেও অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!