বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভামশি পেইডিপল্লি পরিচালিত ও দিল রাজু প্রযোজিত সালমানের বহুল প্রতীক্ষিত সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘মনস্টার’। নির্মাণের শুরুতে এটি ‘এসভিসিসিক্সথ্রি’ নামে পরিচিত ছিল, তবে এখন ‘মনস্টার’ নামেই সিনেমাটি আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, শুটিংয়ে সালমান খান নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন। কারণ, তার বডি ডাবল শুটিংকালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতা নিজেই আরও বেশি স্টান্ট করার দায়িত্ব নিয়েছেন।
প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সালমান বর্তমানে সিনেমাটির কাজে পুরোপুরি মনোযোগী এবং শুটিংয়ের গতি যেন কোনোভাবে থেমে না যায়, সেদিকে তিনি গুরুত্ব দিচ্ছেন। ‘মনস্টার’ সালমানের ক্যারিয়ারে বেশ কয়েকটি কারণে বিশেষ—ভামশি পেইডিপল্লির সঙ্গে এটি তার প্রথম সিনেমা, এবং প্রযোজক দিল রাজুর সঙ্গেও প্রথমবার কাজ করছেন।
এই সিনেমার মাধ্যমেই দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন সালমান, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। এছাড়া সিনেমাটিতে সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী থাকছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!