সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সময়ে প্রায় ১৩ হাজার জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ১৯ জনকে আটক করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়দান, নিয়োগ বা অন্য কোনোভাবে সহায়তা করার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ৩২ হাজার ৪৭৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ৩০ হাজার ৫৪০ জন পুরুষ এবং ১ হাজার ৯৩৯ জন নারী।
আটক ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ৮১৮ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৬ হাজার ৩৫৫ জনকে দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে। এ সময়ে সৌদি থেকে মোট ১২ হাজার ৯৪৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয়দান কিংবা এ ধরনের ব্যক্তিদেও কোনো সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!