গেল এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সমন্বিত অভিযানে ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়; এ সময় ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন। এছাড়া ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে এবং ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টায় আরও ১ হাজার ৩১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে (৫৮% ইথিওপিয়ান, ৪১% ইয়েমেনি, ১% অন্যান্য)। অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টায় ৪২ জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন-আশ্রয় দেওয়ায় ২১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!