ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলনকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব। শুক্রবার (১২ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের ওপর হুথিদের প্রায় প্রতিদিনকার হামলার প্রেক্ষাপটে গোষ্ঠীটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে রিয়াদ এই উদ্যোগ নিয়েছে।
হুথিদের ওপর ইতিমধ্যেই অস্ত্র নিষেধাজ্ঞা এবং বারো জন কমান্ডারের সম্পদ জব্দসহ ইইউর নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং ইইউ হুথিদের প্রধান সমর্থক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো পশ্চিমা দেশগুলো হুথিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করলেও ইউরোপীয় জোট এখনো সেই পথে হাঁটেনি।
ছয়জন ইউরোপীয় কর্মকর্তা জানান, ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা হলো হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করলে গোষ্ঠীটির সঙ্গে তাদের সীমিত যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ হয়ে যাবে এবং ইয়েমেনে ভবিষ্যৎ কোনো শান্তি প্রক্রিয়ায় ইউরোপের সম্পৃক্ততা ক্ষতিগ্রস্ত হতে পারে।
হুথিদের সন্ত্রাসী তালিকায় যুক্ত করতে হলে ইইউর সাতাশটি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সমর্থনের প্রয়োজন হবে। আলোচনার বিষয়টি গোপনীয় হওয়ায় দেশগুলোর নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে ওই ছয় কর্মকর্তার একজন বলেন, এখন পর্যন্ত কেবল অল্পসংখ্যক সদস্য রাষ্ট্রের মধ্যে এই সমর্থন সীমাবদ্ধ রয়েছে
সৌদি আরবের সরকারি যোগাযোগ কার্যালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি জানিয়েছেন, আঞ্চলিক ঘটনাবলিসহ বিভিন্ন বিষয়ে রিয়াদের সঙ্গে জোটের নিয়মিত যোগাযোগ রয়েছে, কিন্তু চলমান নির্দিষ্ট কোনো আলোচনা নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি
গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট প্রতীকী হলেও গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।
লন্ডনভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো জোয়ানা দে দিউস পেরেইরা বলেন, ইউরোপীয় রাষ্ট্রগুলো সৌদি আরবের প্রতি সংহতি দেখাতে চাইলেও হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে দ্বিধাগ্রস্ত, কারণ এর ব্যবহারিক প্রভাব সীমিত হবে। তিনি উল্লেখ করেন, এই তালিকাভুক্তির প্রতিশোধ হিসেবে হুথিরা ইয়েমেনের কাছে ইউরোপীয় জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে এবং হুথি-নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ সংস্থাগুলোর কাজ জটিল হয়ে উঠতে পারে বলে ইউরোপের উদ্বেগ রয়েছে।
কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা আরও জানান, ইইউর সন্ত্রাসী তালিকাভুক্তির সিদ্ধান্ত একবার নেওয়া হলে তা প্রত্যাহার করা অত্যন্ত কঠিন, কারণ এটি তুলে নেওয়ার জন্যও সব সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সমর্থনের প্রয়োজন হয়।
লোহিত সাগর এবং এর মোহনায় অবস্থিত ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব প্রণালির তীরে ইয়েমেনের উপকূলরেখা অবস্থিত। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ব বাণিজ্য ইতিমধ্যেই বিপর্যস্ত, এবং বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের যেকোনো হামলা বৈশ্বিক বাণিজ্যকে আরও ব্যাহত করতে পারে
উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর এক দশকেরও বেশি সময় ধরে ওই সরকারের পক্ষে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। ২০২২ সালে ইরান-সমর্থিত গোষ্ঠীটি এবং সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও রিয়াদ সানা বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে বলে হুথিদের অভিযোগের পর চলতি বছরের জুলাই মাসে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।
এরপর থেকে উভয় পক্ষই সীমান্তের ওপারে হামলা চালিয়ে আসছে, যাতে বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার পর ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস বলেছিলেন যে জোট সৌদি আরবের পাশে রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!