উৎসবের রঙে সাজছে...
বিনোদন

সালমান শাহর মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন শাবনূর, দিলেন বিশদ ব্যাখ্যা

সালমান শাহর মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন শাবনূর, দিলেন বিশদ ব্যাখ্যা
লেখা বড়/ছোট করুন:

বাংলা সিনেমার অন্যতম আলোচিত নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পরও রহস্য কাটেনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর থেকে হত্যা নাকি আত্মহত্যা—এই প্রশ্ন থেকেই যায়। এ বিষয়ে চলমান মামলার মধ্যেই শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে একাধিক আলোচিত বিষয় তুলে ধরেন শাবনূর। পাশাপাশি নায়কের হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শাবনূর তার পোস্টে উল্লেখ করেন, রিজভী আহমেদই সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে রাজসাক্ষী হয়েছিলেন। ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হন। তখন তিনি দাবি করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে আরও কয়েকজনের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

তবে ২০১৯ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়ে তিনি দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সম্প্রতি ‘আরজে নীরব’ ও ‘সময় টিভি’কে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই দাবি করেন।

শাবনূর প্রশ্ন তুলেছেন, একই ব্যক্তি যখন সময়ে সময়ে একই ঘটনার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দেয়, তখন তার সর্বশেষ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তিনি আরও জানান, রিজভী আহমেদ সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ এনেছেন এবং সালমান শাহর মা নীলা চৌধুরীকে আত্মহত্যার জন্য দায়ী করেছেন।

শাবনূর তার পোস্টে রিজভীর দেওয়া অন্যান্য অসংগতিপূর্ণ বক্তব্যের কথাও উল্লেখ করেন। যেমন—১৯৯৯ সালে পাসপোর্ট, ভিসা ও টিকিট ছাড়াই যুক্তরাজ্যে যাওয়া, ১৭ বছর বয়সে এক লাখ চল্লিশ হাজার ব্রিটিশ পাউন্ড নিয়ে যাওয়া, যুক্তরাজ্যে যাওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে বাড়ি কেনা—এসব দাবিকে তিনি ‘গালগল্প’ হিসেবে অভিহিত করেছেন।

সালমান শাহর মা নীলা চৌধুরীর করা মামলায় কয়েকজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন উল্লেখ করে শাবনূর বলেন, তার ধারণা, অভিযুক্তদের প্ররোচনায় বা অন্য কোনো উদ্দেশ্যে রিজভী আহমেদ এসব ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন।

শেষে তিনি স্পষ্ট করে বলেন, ‘সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। তিনি কীভাবে মারা গেছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’ সালমান শাহকে প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ উল্লেখ করে তিনি একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!