উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু
লেখা বড়/ছোট করুন:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৭। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে উল্লেখ করেছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে। আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, উপকেন্দ্র ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরার প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।

ভূমিকম্পের মাত্রা বেশি হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূকম্পবিদরা বলছেন, ১০৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কম্পনশক্তির বড় অংশ ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই শোষিত হয়েছে। ফলে উপকেন্দ্রের আশপাশে কম্পনের মাত্রা মার্কেলি স্কেলে ৩ থেকে ৪ ছিল, যা হালকা থেকে মাঝারি ধরনের কম্পন।

দক্ষিণ ও মধ্য পেরুর বিভিন্ন এলাকা এবং রাজধানী লিমায়ও কম্পন অনুভূত হয়েছে। সাম্প্রতিক সময়ে পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। এ পরিস্থিতিতে আইজিপি সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি জরুরি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, পেরু ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল 'প্যাসিফিক রিং অব ফায়ারে' অবস্থিত, যা আমেরিকার পশ্চিম উপকূল বরাবর তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রতি বছর দেশটিতে শতাধিক শনাক্তযোগ্য ভূমিকম্প হয়। ২০০৭ সালে ইকা অঞ্চলে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিল।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!