যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির রাজনৈতিক ভরাডুবি দেশটির পররাষ্ট্রনীতিতেও প্রভাব ফেলতে পারে। ইরানের সঙ্গে নতুন সমঝোতা নাকি আরও সংঘাত, ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের মার্কিন সমর্থনের ভবিষ্যৎ এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা—সব ক্ষেত্রেই নতুন সমীকরণ তৈরি হচ্ছে। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তি বাড়লেও বিদেশে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের হাতে এখনো যথেষ্ট ক্ষমতা রয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পড়তে পারে। প্রায় দুই বছর ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশকের মার্কিন পররাষ্ট্রনীতি কার্যত ওলটপালট করে দিয়েছেন। এতে মিত্র ও প্রতিপক্ষ—উভয় পক্ষই অস্বস্তিতে পড়েছে। এখন নিজ দেশে নির্বাচনী ধাক্কা খাওয়ার পর বিদেশে ট্রাম্পের পদক্ষেপ কীভাবে বদলায়, তা দেখার অপেক্ষায় রয়েছে দুই পক্ষই।
ইরান, ইসরায়েল ও ইউক্রেনের জন্য নির্বাচনের গুরুত্ব কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তার চেয়েও অনেক বেশি। ট্রাম্প এখন তেহরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটবেন, নাকি আরও যুদ্ধের দিকে এগোবেন; ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের সমর্থন কতটা কমবে; এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে কিয়েভকে শর্ত মেনে নিতে তিনি কতটা চাপ দেবেন, ফলাফল নির্ধারণ করতে পারে এসব বিষয়ই।
ইরানের উল্লাস, তবে শান্তির নিশ্চয়তা নেই
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির উদ্যাপন করছে ইরান। তবে সামনে কী ঘটতে পারে, তা নিয়েও প্রস্তুতি নিচ্ছে তেহরান। আর সেটা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতার আরেক দফা উদ্যোগের বিষয়ও রয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের আংশিক ভূমিকা ছিল। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও স্পষ্ট করে বুধবার এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে বলেন, "আমরা যে কারণে হেরেছি, তা হলো যুদ্ধ।"
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে লিখেছেন, "মার্কিন সরকার যদি আন্তর্জাতিক প্রভু ও ব্ল্যাকমেইলারদের সেবা করতে গিয়ে জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তারা বুঝবে—আমাদের 'না' বলার পরিণতি দুঃস্বপ্নের মতো।"
তবে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে—এমন আশা করে বসেও নেই তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, নির্বাচনের ফলাফলে মার্কিন নীতি বদলে যাবে বলে যারা মনে করছেন, তারা "ভীষণ ভুল করছেন"।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ভায়েজ সিএনএনকে বলেন, "ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিক বোঝা হয়ে উঠেছে। এখন তার সামনে কঠিন দুটি পথ খোলা আছে। আর তা হলো—সম্মান রক্ষার মতো একটি চুক্তি করে বিজয় ঘোষণা করা, অথবা সামরিকভাবে আরও জোরালো পদক্ষেপ নিয়ে সবকিছুর ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। বিপদ হলো, ভোটের মাঠে দুর্বল হয়ে পড়া কোনো প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রে সাফল্য দিয়ে তা পুষিয়ে নিতে চাইতে পারেন।"
যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের 'একটি যুগের অবসান'
মধ্যবর্তী নির্বাচনের দিন ট্রাম্পের আকস্মিকভাবে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ছিল দেশটির জন্য প্রথম ধাক্কা। এরপর কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয় ইসরায়েলের জন্য বড় ধরনের সতর্কসংকেত হয়ে সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন বলেন, "এই মুহূর্তে একমাত্র যে বিষয়টিতে দুই দলেরই ঐকমত্য রয়েছে, তা হলো ইসরায়েলের সমালোচনা।" তিনি সিএনএনকে বলেন, "আর এটিই কার্যত ডেমোক্র্যাট পার্টির একটি সংগঠিত রাজনৈতিক অবস্থান হয়ে উঠেছে। আর রিপাবলিকান পার্টির বড় অংশের মধ্যেও এটি এমন অবস্থানেই পরিণত হচ্ছে।"
‘আমরা একটি যুগের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি,’ বলেন ওরেন।
ট্রাম্প-পরবর্তী বিশ্বের অপেক্ষায় ইউক্রেন
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তার দেশের প্রতিরক্ষায় মার্কিন সমর্থন বাড়াবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ-এর কাছে করা মন্তব্যে জেলেনস্কি বলেন, "আমি রিপাবলিকানদের প্রতিও কৃতজ্ঞ। তবে ডেমোক্র্যাটরা ইউক্রেনকে সমর্থন এবং সহায়তা দেওয়ার বিষয়ে খুব স্পষ্টভাবে কথা বলেন।"
তবে ট্রাম্পের হতাশাজনক পরাজয় এবং তার দৃষ্টিভঙ্গি ও প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসার বিষয়টি কিয়েভের জন্য সুবিধাজনক—এ বাস্তবতা আড়াল করার সুযোগ নেই।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!