ইরানে আবারও সামরিক হামলা চালানোর বিষয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ফক্স নিউজকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ইরান যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার দুই দিন পর এই বৈঠক হলো।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারও হোয়াইট হাউসে এ বিষয়ে বৈঠক হয়েছিল। আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে 'অমাবস্যা' বা নতুন চাঁদ দেখা যাবে। ফলে ওই রাতে চাঁদের আলো থাকবে খুব কম, এমনকি একেবারেই থাকবে না। সামরিক অভিযান পরিচালনার জন্য এ ধরনের পরিস্থিতি অনুকূল।
বৈঠক শেষে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমরা সাত মাস ধরে ইরানে রয়েছি এবং যা কিছু নিয়ন্ত্রণে রাখতে চেয়েছি, তার সবই আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে—আমরা কি আরও এগিয়ে যাব? আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতেই হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।"
অ্যাক্সিওস বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, নির্বাচনের পর ইরান নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে এটিই ছিল ট্রাম্পের প্রথম বৈঠক। প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাম্পের সামনে তিনটি বিকল্প রয়েছে—ইরানে নতুন করে হামলা চালানো, দেশটির সরকারের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা অথবা ইরানকে বড় ধরনের ছাড় দেওয়া—এমন শর্তে সমঝোতায় পৌঁছানো।
এক মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস আরও জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড নতুন করে বড় ধরনের অভিযান শুরুর সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতি চূড়ান্ত করছে। তবে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরি এবং সেগুলোর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো আরব সাগরে অবস্থান করছে। সিবিএস নিউজ বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট সিঙ্গাপুরে পৌঁছানোর কথা। মধ্যপ্রাচ্যে পৌঁছাতে সেটির অন্তত আরও দুই সপ্তাহ লাগবে।
যুদ্ধ নিয়ে প্রশাসনে বিভক্তি
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ট্রাম্প প্রশাসনের মধ্যে গভীর সংকট তৈরি করেছে। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, "আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।"
এর আগে সোমবার অ্যাক্সিওস জানায়, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ রয়েছে। ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সমঝোতার পক্ষে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সামরিক অভিযান শুরুর পক্ষে। তাদের যুক্তি, "ট্রাম্পের উচিত সামরিক উপায়েই কাজটির সমাপ্তি টানা।"
যুদ্ধের অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের অবস্থান
আংশিক সরকারি অচলাবস্থা এড়াতে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি ব্যয়ের অনুমোদন দিতে হবে ডেমোক্র্যাটদের। এর মধ্যে সামরিক ব্যয়ও রয়েছে। তবে এই অর্থায়ন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইরান যুদ্ধের জন্য বরাদ্দ বন্ধ করার প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে দলটির নেতৃত্ব।
পলিটিকো শুক্রবার জানায়, সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটের বরাদ্দবিষয়ক কমিটিতে দলটির জ্যেষ্ঠ সদস্য ওয়াশিংটনের সিনেটর প্যাটি মারে আসন্ন বাজেট আলোচনা চলাকালে ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের দাবি জানাবেন কি না, তা এখনো স্পষ্ট করেননি।
বৃহস্পতিবার শুমার বলেন, নির্ধারিত সময়সীমার আগেই সরকারি ব্যয়ের বিল পাস করতে তিনি মারের সঙ্গে কাজ করছেন। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, সরকারি অচলাবস্থা তৈরি করার ঝুঁকি নিতে চান না সব ডেমোক্র্যাট।
প্রতিনিধি পরিষদের বরাদ্দবিষয়ক কমিটির এক ডেমোক্র্যাট সদস্য নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোকে বলেন, "এ বিষয়ে আমাদের নেতৃত্বের অবস্থান কী, তা আমি জানি না। তবে আমি বলব, তহবিল বন্ধের পরিবর্তে পরিস্থিতি ধাপে ধাপে গুটিয়ে আনার কোনো উপায় থাকা উচিত।"
যুদ্ধ শুরুর আগেই এর জন্য অর্থ বরাদ্দের পক্ষে ভোট দিয়েছিলেন ডেমোক্র্যাটরা। ২০২৫ সালের ১০ ডিসেম্বর সামরিক অনুমোদনসংক্রান্ত একটি বিলে প্রতিনিধি পরিষদের ১১৫ জন ডেমোক্র্যাট ভোট দেন। তাদের মধ্যে দলটির নেতা হাকিম জেফরিসও ছিলেন। এরপর ২০২৬ সালের ২২ জানুয়ারি ৮৩৯ বিলিয়ন ডলারের সামরিক বরাদ্দ বিলে ভোট দেন ১৪৯ জন ডেমোক্র্যাট। এর পাঁচ সপ্তাহ পর ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
নতুন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার সম্ভাব্য প্রার্থী জেফরিস শুক্রবার এনপিআরকে বলেন, "এটি ঘটানোর জন্য নতুন কংগ্রেসের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেলে আমরা শক্তিশালী যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাব এগিয়ে নিতে পারব। প্রেসিডেন্টকে তা বিবেচনা করতে হবে, তার টেবিলে পৌঁছাবে এবং তিনি যদি ভেটো ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নেন, তাহলে তাকে মার্কিন জনগণের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে।"
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!