ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নিয়ে দেশের ভেতরেই সমর্থন হারাচ্ছে তার প্রশাসন। সর্বশেষ রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সমর্থন করছেন মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। একই সময়ে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের অনুমোদনের হারও নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন ৩৩ শতাংশে।
চার দিন ধরে পরিচালিত এই জরিপের ফল সোমবার (২৪ আগস্ট) প্রকাশ করা হয়। মার্চে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে ছিলেন ৩৭ শতাংশ; চলতি মাসের শুরুতে তা ৩৪ শতাংশে নেমে এবার ৩১ শতাংশে ঠেকেছে। রিপাবলিকান ভোটারদের মধ্যেও যুদ্ধের সমর্থন কমেছে—মার্চে ৭৭ শতাংশ থেকে সর্বশেষ ৬৯ শতাংশে।
ইরান যুদ্ধ ট্রাম্পের জনপ্রিয়তার ওপরও প্রভাব ফেলেছে। টানা দ্বিতীয়বার মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা প্রেসিডেন্ট হিসেবে তার কর্মকাণ্ডে অনুমোদন জানিয়েছেন, যা তার প্রথম ও দ্বিতীয় মেয়াদের রয়টার্স/ইপসোস জরিপগুলোর মধ্যে সর্বনিম্ন।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান প্রয়োজনীয় ছিল—তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সংঘাত শুরু হয়। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, উদ্বেগ বাড়ছে—জরিপের ৮৩ শতাংশ মানুষ মনে করেন সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে (চলতি মাসের শুরুতে ছিল ৮০ শতাংশ)।
রয়টার্স/ইপসোসের এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২১৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!