রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে একটি কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এখন বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খবর বিবিসির।
তবে বিল পাস হলেও তাৎক্ষণিকভাবে ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে না; বরং শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল কেনা বাড়িয়েছে ভারত। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৬ পর্যন্ত রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৩৭ শতাংশ গেছে ভারতে, আর চীনে গেছে প্রায় ৫০ শতাংশ।
আগস্টে রাশিয়া থেকে প্রতিদিন প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। ফলে নতুন মার্কিন শুল্কের হুমকি ভারতের জ্বালানি আমদানি ও দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে।
ভারত জানিয়েছে, নতুন মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব তারা গুরুত্ব দিয়ে দেখছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!