উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরানের হাতে আটক সাবমেরিন ড্রোনটি পুরোনো মডেলের, বিকল হয়ে পড়েছিল: যুক্তরাষ্ট্র

ইরানের হাতে আটক সাবমেরিন ড্রোনটি পুরোনো মডেলের, বিকল হয়ে পড়েছিল: যুক্তরাষ্ট্র
লেখা বড়/ছোট করুন:

হরমুজ প্রণালির প্রবেশমুখে ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোনটি এক দিনেরও বেশি আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি পুরোনো মডেলের এবং এতে সংবেদনশীল কোনো তথ্য বা গোপন সামরিক সরঞ্জাম ছিল না।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোনটি আটক করার কথা জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা ড্রোনটিকে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত দাবি করে ছবিও প্রকাশ করে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আটককৃত মার্কিন সাবমেরিন ড্রোনটি ‘ডাইভ-এলডি’ মডেলের। এটি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের তৈরি একটি বড় আকারের স্বয়ংক্রিয় ডুবোযান। ১৯ ফুট (৫ দশমিক ৮ মিটার) দীর্ঘ এই ড্রোনটি মাইন শনাক্ত ও অপসারণ, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের কেবল ও পাইপলাইন পরিদর্শনে ব্যবহার করা যায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডস নেভি বলেছে, 'হরমুজ প্রণালির প্রবেশমুখে সন্ত্রাসী মার্কিন বাহিনীর সবচেয়ে আধুনিক, বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিনগুলোর একটি আমরা আটক করেছি।'

এর জবাবে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ডুবোযানটি এক দিনেরও বেশি সময় আগে বিকল হয়ে পড়েছিল। তিনি জানান, চলমান অভিযানের সহায়তায় এটি ওই অঞ্চলের জলসীমা পর্যবেক্ষণ করছিল। বিকল হওয়া ডুবোযানটি পুরোনো মডেলের এবং এতে সংবেদনশীল কোনো তথ্য সংগ্রহের ব্যবস্থা নেই।

অ্যান্ডুরিলও তাদের একটি ডুবোযান হারানোর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, 'ডাইভ-এলডি এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেটিকে শুরু থেকেই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। তাই এটি হারিয়ে যাওয়ার সম্ভাবনাও এর নকশার অংশ হিসেবে ধরা হয়।'

অ্যান্ডুরিলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডাইভ-এলডি ঘাঁটিতে ফিরে না গিয়েই টানা ১০ দিন পর্যন্ত কাজ করতে পারে। এটি সর্বোচ্চ ৬ হাজার মিটার গভীরতায় কাজ করার জন্য তৈরি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!