সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচি যাওয়ার পথে পাঁচ ক্রুসহ পাকিস্তানের একটি মালবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে করাচির আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে উড়োজাহাজটির সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কে২ এয়ারওয়েজের পরিচালিত বোয়িং ৭৩৭-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে নেভিগেশন বা দিকনির্ণয় ব্যবস্থায় ত্রুটির কথা জানায়।
করাচি এলাকার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেও মাত্র তিন মিনিটের মধ্যে এটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় উড়োজাহাজটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে অবস্থান করছিল।
উড়োজাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্যে দেখা গেছে, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে উড়োজাহাজটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা হচ্ছিল। এক মিনিটেরও কম সময়ে এটি প্রায় পাঁচ হাজার ফুট নিচে নেমে যায়। এরপর অল্প সময়ের জন্য আবার উচ্চতা বাড়লেও শেষ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।
সর্বশেষ রাডার তথ্যে দেখা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক হাজার ১০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় উড়োজাহাজটি প্রতি মিনিটে প্রায় ২২ হাজার ৪০০ ফুট বেগে নিচে নামছিল।
২০২৪ সালে কে২ এয়ারওয়েজের বহরে যুক্ত হওয়া উড়োজাহাজটি মূলত ১৯৯৯ সালে যাত্রীবাহী হিসেবে নির্মিত হয়েছিল। পরে এটিকে মালবাহী উড়োজাহাজে রূপান্তর করা হয়।
নিখোঁজ উড়োজাহাজ ও পাঁচ ক্রুর সন্ধানে আরব সাগরে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!