যে যুদ্ধের মাধ্যমে ইরানকে দুর্বল করার লক্ষ্য নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই যুদ্ধই এবার তার নিজের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে? শুধু বিরোধী ডেমোক্র্যাটরা নয়, এবার প্রশ্ন তুলছেন তার ঘনিষ্ঠরাও। আর এ তালিকায় সবচেয়ে আলোচিত নাম ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় মার্কিন রাজনীতির মাঠ।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। এই পরাজয়ের জন্য সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেছেন ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, নির্বাচনে হারের কারণ 'ইরান যুদ্ধ'। এমনকি যুদ্ধের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো কতটা সার্থক, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
ভ্যান্সের এই অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে তাকে। ফলে যুদ্ধ নিয়ে তার সমালোচনা কেবল একজন ভাইস প্রেসিডেন্টের অসন্তোষ নয়; এটি ভবিষ্যৎ রিপাবলিকান নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানও। তার এমন বক্তব্যে তাই স্পষ্ট হচ্ছে, ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান শিবিরেই তৈরি হয়েছে বড় ধরনের দূরত্ব।
সমালোচনা শুধু ভ্যান্সের মধ্যেই সীমাবদ্ধ নেই। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে থাকা সিনেটর টেড ক্রুজও জানিয়েছেন, যুদ্ধটি সংক্ষিপ্ত ও সিদ্ধান্তমূলক হওয়া উচিত ছিল, কিন্তু তা অনেক দীর্ঘ হয়েছে। তবে ট্রাম্প নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে যুদ্ধের প্রয়োজন ছিল। বরং যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটাররা রিপাবলিকানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—এমন ব্যাখ্যা দিয়েছেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, এই দূরত্বের পেছনে বড় কারণ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প দুই মেয়াদ শেষ করায় আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তাই তার উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা এখন থেকেই শুরু হয়েছে। ভ্যান্স মূলত যুদ্ধবিরোধীদের সমর্থন পেতে চাইছেন।
এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা যুদ্ধের অর্থায়ন বন্ধে উদ্যোগ নিতে পারে। পাশাপাশি তদন্ত ও শুনানির মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জবাবদিহির মুখে ফেলার সুযোগও তৈরি হয়েছে। নতুন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে ২০২৭ সালের জানুয়ারিতে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক চাপ বাড়লেও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা থামেনি। মধ্যবর্তী নির্বাচনের দিনই হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে কাতারের মধ্যস্থতায় দুই দেশের আলোচনা চললেও নতুন হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সব মিলিয়ে, ইরান যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য সামরিক সংঘাতের বাইরেও বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রকাশ্য সমালোচনা নতুন করে সামনে এনেছে ট্রাম্পের সঙ্গে তার দূরত্বের প্রশ্ন। তবে এই দূরত্ব কি শুধু নির্বাচনি হিসাব, নাকি ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান শিবিরের দীর্ঘদিনের মতপার্থক্য—তা হয়তো সময়ই বলে দেবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!