যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ভেনেজুয়েলার নাগরিককে হোয়াইট হাউসের কাছে আটক করেছে দেশটির সিক্রেট সার্ভিস। আটকের সময় তার গাড়ি থেকে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার আটক হওয়া ওই ব্যক্তির নাম রনি ইওরড্রিক্স গুয়ানিপা ক্রিনোস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের পাশে একটি গাড়িতে সন্দেহজনক আচরণ করতে দেখে কর্মকর্তারা তাকে আটক করেন। গাড়িটি চুরি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ক্রিনোস ২০২৪ সালে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি কর্মকর্তাদের জানান, তার মাথার ভেতর কিছু কণ্ঠস্বর তাকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নির্দেশ দিচ্ছিল।
এ সময় তিনি গাড়িতে অস্ত্র থাকার কথাও স্বীকার করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়।
ক্রিনোসের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং চোরাই সম্পদ গ্রহণের অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান বলেন, আটক ব্যক্তি মার্কিন নাগরিকদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তাঝুঁকি তৈরি করেছিলেন। তবে সংস্থার সদস্যরা তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনা নিরাপত্তাঝুঁকি বৃদ্ধির বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে হোয়াইট হাউস এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতির ঘটনাও বাড়ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের নিরাপত্তাসংক্রান্ত ঘটনায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সম্পৃক্ততা বেড়েছে। কর্মকর্তাদের ধারণা, এসব ব্যক্তির কাছে হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের পদ বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করে। ফলে তারা এসবকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারেন
এর আগে গত মে মাসে হোয়াইট হাউসের একটি নিরাপত্তা তল্লাশিচৌকির কাছে গুলি চালান মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত এক ব্যক্তি। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!