উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

নির্বাচনে ভরাডুবির পর রুবিও-হেগসেথের পদ ছাড়ার গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ

নির্বাচনে ভরাডুবির পর রুবিও-হেগসেথের পদ ছাড়ার গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ
লেখা বড়/ছোট করুন:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে। এর অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে তাদের দায়িত্ব ছাড়ার সম্ভাবনার খবর নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের সঙ্গে যুদ্ধ সামলানো নিয়ে বেশ বড় ধরনের সমালোচনার মুখে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদ ছাড়তে পারেন বলেও খবর প্রকাশিত হয়েছে। যদিও তা অস্বীকার করেছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দাবি উঠেছে। বিশেষ করে ইরান যুদ্ধ সামলানোর ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। এই যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কংগ্রেসের বিদায়ী এক রিপাবলিকান সদস্য আগামী সপ্তাহের শুরুতেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার হুমকি দিয়েছেন। এর জবাবে নিজের কাজের পক্ষে সাফাই দিয়ে এবং অভিশংসনের উদ্যোগের নিন্দা জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

ভিডিও বার্তায় হেগসেথ বলেন, "দেখুন, তারা আমাকে আক্রমণ করছে। আমাদের আক্রমণ করছে, কারণ আমরা কার্যকরভাবে কাজ করছি। এতে কোনো লাভ হবে না। আমরা পিছু হটব না।"

অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে পদ ছাড়ার কথা ভাবছেন—এমন খবর অস্বীকার করেছেন রুবিও। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে কাজ করাই "সব সময় আমার পরিকল্পনা ছিল"।

তিনি বলেন, "আমি যে কাজ করছি, তা ভালোবাসি। আর তারা যখন বলেন, আমি পদ ছেড়ে চলে যাচ্ছি, তখন সব সময় হাসি। আমি বলি, কোন পদটি ছেড়ে যাচ্ছি?"

এদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর রুবিও পদ ছাড়তে পারেন—এমন খবরও নাকচ করেছে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। উভয় পক্ষই এসব খবরকে "ভুয়া খবর" বলে আখ্যা দিয়েছে।

তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—দুজনই ইরান যুদ্ধকে রিপাবলিকানদের পরাজয়ের জন্য দায়ী করেছেন। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে।

এবিসি নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হেগসেথকে নিয়ে তিনি "কিছু ফোন পেয়েছেন"। তবে তাকে দায়িত্বে রাখার "পূর্ণ ইচ্ছা" রয়েছে বলেও জানান তিনি।

পরে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "পিট হেগসেথ অসাধারণ কাজ করেছেন"। এ সময় তার সাফল্য হিসেবে কয়েকটি বিষয় তুলে ধরেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ।

তবে বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অথবা সেন্টকমপ্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে সরানোর কথা বিবেচনা করতে পারেন। আট মাস আগে শুরু হওয়া ইরান যুদ্ধে সামরিক পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তাদের দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এদিকে ট্রাম্পের নিয়মিত সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের অভিশংসনের উদ্যোগ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোকে তিনি বলেন, আগামী সপ্তাহের শুরুতেই প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব কার্যকরের উদ্যোগ নেবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি সতর্ক করে বলেন, জানুয়ারিতে নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই প্রেসিডেন্টের উচিত হেগসেথকে সরিয়ে দেওয়া। তিনি লেখেন, "সিনেটে নতুন নিয়োগপ্রাপ্তদের অনুমোদন পাওয়ার সুযোগ থাকা অবস্থাতেই তার এ কাজ করা উচিত।"

হেগসেথের বিরুদ্ধে আরেকটি গুঞ্জন রয়েছে। টেনেসি অঙ্গরাজ্যের সিনেটের একটি শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তিনি।

এদিকে এক ভিডিও বার্তায় হেগসেথ তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে "ভুয়া অভিশংসন প্রস্তাব" বলে আখ্যা দেন। তিনি বলেন, একজন "হতাশ ও পরাজিত কংগ্রেস সদস্য এবং তার সব ডেমোক্র্যাট মিত্র" এ উদ্যোগ নিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!