২০২৬-২৭ অর্থবছরে উন্নয়নশীল দেশগুলোর জন্য রেকর্ড ১১ হাজার ২০০ কোটি ডলার বেসরকারি পুঁজি সংগ্রহ করেছে বিশ্বব্যাংক গ্রুপ। যেখানে ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৫০০ কোটি ডলার। অর্থাৎ চার বছরে পুঁজি সংগ্রহ তিন গুণেরও বেশি বেড়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের নিজস্ব অর্থায়নসহ ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়নশীল অর্থনীতিগুলোতে মোট অর্থায়ন ও পুঁজি সংগ্রহের পরিমাণ ২০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। একই সময়ে ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি গ্যারান্টি দিয়েছে সংস্থাটি, যা নতুন রেকর্ড।
এ বিষয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, শুধু পুঁজি সংগ্রহই লক্ষ্য নয়; এই অর্থ এমন খাতে পৌঁছানো জরুরি, যেখানে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।
বিশ্বব্যাংকের হিসাবে, আগামী ১০ থেকে ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোতে ১২০ কোটি তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছাবে। অথচ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে প্রায় ৪২ কোটি। এ কারণে অবকাঠামো ও জ্বালানি, কৃষি ব্যবসা, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং মূল্য সংযোজনকারী উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!