মিশর ফুটবল ফেডারেশন বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে রেফারির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনে ফিফার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তারা। ম্যাচে মিশরের একটি বৈধ গোল বাতিল এবং সম্ভাব্য পেনাল্টির আবেদন উপেক্ষা করাকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয়েছে।
মিশরের ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে জমা দেওয়া অভিযোগে রেফারিদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোর স্বাধীন তদন্তের পাশাপাশি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ওই রেফারিকে সরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন।
ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফরাও ক্ষোভ প্রকাশ করেছেন। বাতিল হওয়া গোলের স্কোরার মোস্তফা জিকো রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধান কোচ হোসাম হাসান দাবি করেছেন, রেফারি ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যবসায়িক স্বার্থে ফিফা আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে চায়।
প্রসঙ্গত, ম্যাচটিতে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। নাটকীয় এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!