সোশ্যাল সায়েন্স গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ক্রমবর্ধমান প্রভাব ও এর সঠিক ব্যবহার নিয়ে বিশেষ এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘রিসার্চ ট্রেনিং সেশন: ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ’ শীর্ষক এই সেশনটি আগামী ৮ এপ্রিল ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে। নীতিনির্ধারণী গবেষণার প্রসারে কাজ করা প্রতিষ্ঠান ‘নীতি গবেষণা কেন্দ্র’ এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেছে।
অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এই সেশনে দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। তারা হলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ, ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা ওমাহা-র স্কুল অফ কমিউনিকেশনের ড. লেই গুয়ো এবং সাংহাই জিয়াও তং ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট গবেষক সাকির মোহাম্মদ। বক্তারা সামাজিক বিজ্ঞানের জটিল গবেষণায় এআই টুলের কার্যকারিতা ও এর নৈতিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী বুধবার রাত ৮টায় শুরু হতে যাওয়া এই কর্মশালাটি দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য কোনো নিবন্ধন ফি রাখা হয়নি, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে।
বর্তমান সময়ে গবেষণার ধরণ ও পদ্ধতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে লিটারেচার রিভিউ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের গবেষণার দক্ষতাকে বৈশ্বিক মানে উন্নীত করতে নীতি গবেষণা কেন্দ্রের এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত লিংকের মাধ্যমে আগেভাগেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক সংস্থা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!