স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি।
মিরাজের এই পারফরম্যান্সে মুগ্ধ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি স্পিনার ইমরান তাহির। ম্যাচ শেষে তিনি মিরাজকে সরাসরি 'বিশ্বমানের' স্পিনার বলে আখ্যা দিয়েছেন।
গায়ানার জার্সিতে খেলতে নামা মিরাজ দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার। এর আগে গ্লোবাল সুপার লিগে দলটির হয়ে খেলেছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। জাতীয় দলের ডাকে সিপিএল ছেড়ে যাওয়া মোহাম্মদ নবীর জায়গায় মিরাজকে দলে নিয়েছিল গায়ানা। নবীর শূন্যতা পূরণ করা সহজ ছিল না, তবে প্রথম ম্যাচেই সেই ঘাটতি পূরণের আভাস দিয়েছেন মিরাজ।
ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। মাত্র ৪ বল খেলে ১ রান করেছেন। কিন্তু বল হাতে তার পারফরম্যান্স ছিল সম্পূর্ণ বিপরীত। সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন মিরাজ।
ম্যাচ শেষে মিরাজের প্রশংসা করে তাহির বলেন, "আমাদের দলে নবী ছিল। তার মান অনেক উপরে ছিল। সে আমাদের সেরা বোলার ছিল। তবে মিরাজ এলো, সত্যি বলতে আমরা কিছুই ভাবিনি। এরপর সে খুবই ভালো বোলিং করল, ঠিক যেভাবে আমরা চেয়েছিলাম।"
অভিষেকের পারফরম্যান্সের পাশাপাশি মিরাজের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সামর্থ্যও আলাদাভাবে উল্লেখ করেছেন তাহির। তার চোখে বাংলাদেশের এই স্পিনার বিশ্বমানের। তিনি বলেন, "তার মতো একজনকে দলে পাওয়া দারুণ ব্যাপার। বিশ্বমানের স্পিনার সে, বিশ্বজুড়ে পারফর্ম করছে। তার সঙ্গে ও অন্য সবার সঙ্গে বোলিং করতে পেরে আমি রোমাঞ্চিত।"
সেন্ট লুসিয়াকে ১১৯ রানে আটকে দেয়ার পথে মিরাজের পাশাপাশি বল হাতে দুর্দান্ত ছিলেন তাহিরও। একাই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এরপর ৯ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই জয়ে সিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে দলটি। ৮ ম্যাচে ৭ জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!