শিক্ষার্থীদের জন্য সুখবর—কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ব্যবহার আরও সহজ করতে এক বছরের জন্য বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। তবে এই সুবিধা পেতে শিক্ষার্থী হওয়ার প্রমাণ দিতে হবে। মেক ইউজ অবের প্রতিবেদনে জানা যায়, আগামী সেমিস্টারকে সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করতে এই বিশেষ অফার চালু করেছে গুগল। তবে অফারটি সবার জন্য এক নয়, দেশভেদে এর সুবিধাতেও পার্থক্য রয়েছে।
বিনামূল্যে এক বছরের গুগল এআই প্রো পেতে শিক্ষার্থীদের প্রথমে শিয়ারআইডি ব্যবস্থার মাধ্যমে নিজেদের সক্রিয় শিক্ষার্থী পরিচয় যাচাই করতে হবে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা এক বছর বিনামূল্যে গুগল এআই প্রো (মাসে প্রায় ২০ ডলার) ব্যবহারের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য এক বছরের গুগল এআই প্লাস বিনামূল্যে দেওয়া হবে, যাতে থাকছে জেমিনি ওমনি ব্যবহারের সুযোগ, বেশি ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ। তবে সব দেশ এই অফারের আওতায় নেই—বলিভিয়া, আলবেনিয়া, কানাডা, ম্যাকাও, হংকং ও তিউনিসিয়ার শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে।
পড়াশোনায় জেমিনিকে আরও কার্যকর করতে নতুন স্টুডেন্ট হাব চালু করেছে গুগল। এতে শিক্ষার্থীরা ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করতে পারবেন এবং জেমিনি তা বিশ্লেষণ করে ব্যক্তিগতকৃত পড়ার নোট, ছোট শিক্ষামূলক পাঠ ও কুইজ তৈরি করবে। কঠিন বিষয় বুঝতে তৈরি হবে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল ও ইন্টার্যাকটিভ সিমুলেশন। এছাড়া জেমিনি লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত হচ্ছে।
গুগলের এই শিক্ষার্থী অফার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে। যোগ্য শিক্ষার্থীরা সময়সীমার আগেই অফারটি যাচাই করে নিতে পারেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!