এআইয়ের দৌড় এবার পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহৃত নিজেদের চিপ মহাকাশে পাঠিয়ে পরীক্ষা করতে যাচ্ছে গুগল। 'প্রজেক্ট সানক্যাচার' নামে এই উদ্যোগের আওতায় একটি পরীক্ষামূলক স্যাটেলাইট লো আর্থ অরবিটে পাঠানো হবে।
গুগলের টেনসর প্রসেসিং ইউনিট বা টিপিইউ-তে থাকা এআই চিপগুলো মহাকাশের পরিবেশে কীভাবে কাজ করে, সেটিই হবে এই পরীক্ষার মূল লক্ষ্য। আগামী ১ অক্টোবর স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১৮ রাইডশেয়ার মিশনের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। স্যাটেলাইটটি তৈরিতে গুগল কাজ করছে স্যাটেলাইট প্রতিষ্ঠান প্ল্যানেটের সঙ্গে।
প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইটে থাকবে গুগলের চারটি টিপিইউ। মহাকাশে পৌঁছানোর পর চিপগুলোকে উৎক্ষেপণের সময় তৈরি হওয়া প্রচণ্ড কম্পন, তীব্র বিকিরণ এবং চরম তাপমাত্রার মতো পরিবেশ সামলাতে হবে। পৃথিবীতে পরীক্ষার পর এবার সরাসরি কক্ষপথে চিপগুলোর কার্যক্ষমতা যাচাই করতে চায় গুগল।
মহাকাশে এআই চিপ পাঠানোর পেছনে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে গুগলের। প্রতিষ্ঠানটির ধারণা, লো আর্থ অরবিটে স্যাটেলাইটগুলো প্রায় নিরবচ্ছিন্ন সূর্যের আলো পেতে পারে। ফলে সৌরশক্তি ব্যবহার করে ভবিষ্যতে কক্ষপথেই বড় আকারের এআই কম্পিউটিং অবকাঠামো তৈরি করা সম্ভব হতে পারে।
তবে এ পথে বড় চ্যালেঞ্জ রয়েছে। পৃথিবীর ডেটা সেন্টারে বাতাস বা তরল ব্যবহার করে চিপের তাপ কমানো হয়। কিন্তু মহাকাশে বাতাস না থাকায় প্রচলিত পদ্ধতিতে চিপ ঠান্ডা করা সম্ভব নয়। তাই গুগল হিট পাইপ ও রেডিয়েটর ব্যবহার করে চিপের তাপ সরানোর প্রযুক্তি পরীক্ষা করছে।
মহাকাশের বিকিরণও চিপের জন্য বড় ঝুঁকি। সূর্যের কণা ও মহাজাগতিক রশ্মি ইলেকট্রনিক যন্ত্রে ত্রুটি তৈরি করতে পারে। এ কারণে কক্ষপথে পাঠানোর আগে গুগল পরীক্ষাগারে টিপিইউ-তে বিকিরণের প্রভাবও পরীক্ষা করেছে।
গুগলের প্রথম মিশনটি কোনো পূর্ণাঙ্গ মহাকাশভিত্তিক ডেটা সেন্টার চালুর জন্য নয়। বরং মহাকাশে এআই চিপ কতটা নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে, কোথায় সমস্যা তৈরি হয় এবং ভবিষ্যতের প্রযুক্তি কীভাবে উন্নত করা যায়—সেসব তথ্য সংগ্রহ করাই এর মূল উদ্দেশ্য।
পরবর্তী ধাপে ২০২৭ সালে আরও দুটি স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির লেজার যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে একাধিক স্যাটেলাইটকে যুক্ত করে কক্ষপথে এআই কম্পিউটিংয়ের বড় নেটওয়ার্ক তৈরির সম্ভাবনা যাচাই করতে চায় গুগল।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!