একটি অধ্যায়ের শেষ, কিন্তু রেখে গেলেন অসংখ্য স্মৃতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার বিদায়ে আবেগাপ্লুত তার কোটি ভক্ত। এবার সেই তালিকায় যোগ হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। রোনালদোর অবসরে আবেগঘন বার্তায় তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।
জাতীয় দলের জার্সিতে রোনালদোর পথচলা শেষ হচ্ছে। তবে ফুটবল ইতিহাসে তার রেখে যাওয়া কীর্তি যে সহজে মুছে যাওয়ার নয়, সেটিই মনে করিয়ে দিয়েছেন ইনফান্তিনো। পর্তুগিজ তারকার অবসরের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ফিফা সভাপতি। তার বার্তায় উঠে এসেছে রোনালদোর প্রতিভা, অদম্য মানসিকতা এবং বিশ্বজুড়ে কোটি মানুষের ওপর তার প্রভাবের কথা। খবর গোল ডটকমের।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনফান্তিনো লিখেছেন, "ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবলপ্রেমীদের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা। এসব দিয়েই সংজ্ঞায়িত তার ক্যারিয়ার।"
রোনালদোর অর্জনগুলোর কথা বলতে গিয়ে ইনফান্তিনো বিশেষভাবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এবং ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি। তার মতে, রোনালদোর এসব অর্জনের পুনরাবৃত্তি করা কঠিন। তবে পর্তুগিজ তারকার প্রভাব কেবল পরিসংখ্যান, গোল কিংবা ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়।
ইনফান্তিনোর ভাষায়, "ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যেগুলোর পুনরাবৃত্তি সম্ভবত কখনোই হবে না। তবে তার অর্জন রেকর্ড, শিরোপা ও গোলের চেয়েও অনেক বড়। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখো ভক্তকে একত্র করেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরব বহন করেছেন।"
বার্তার শেষ অংশে রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফিফা সভাপতি বলেন, "ধন্যবাদ, ক্রিশ্চিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের এই সুন্দর খেলায় আপনার বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সঙ্গে আপনি পর্তুগালের জাতীয় দলের জার্সি পরেছেন। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার চিরকাল ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।"
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!