সমুদ্রের তলদেশে জমে থাকা প্লাস্টিক বর্জ্য দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করেছেন জাপানের গবেষকরা। জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকদের তৈরি ‘ডিপলিটারএআই’ সিস্টেমটি মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে সমুদ্রের তলদেশের ছবি বিশ্লেষণ করতে পারে।
সিস্টেমটি তৈরি করতে প্রায় ১২ হাজার ছবির ডেটাসেট ব্যবহার করা হয়েছে, যা ১৯৮৩ সাল থেকে সংস্থাটির সংগ্রহ করা সমুদ্রের তলদেশের ভিডিও ফুটেজ থেকে নেওয়া হয়েছে। ভুল শনাক্তকরণ কমাতে ঝাপসা করা ও ছবি উল্টে দেওয়াসহ বিভিন্ন পরিবর্তিত ছবি দিয়ে এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাস্তব সমুদ্রের ভিডিও ফুটেজে পরীক্ষায় দেখা গেছে, ছবির প্রস্থের মাত্র ৫-১০ শতাংশ জায়গাজুড়ে থাকা ছোট বর্জ্যও শনাক্ত করতে পারে ডিপলিটারএআই। প্লাস্টিকের বোতল-পলিথিনের ব্যাগসহ বড় বর্জ্যের প্রায় ৮০ শতাংশ সফলভাবে শনাক্ত করেছে সিস্টেমটি; বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের তুলনায় ভুলের হার ছিল প্রায় ১০ শতাংশ।
গবেষক রিয়োতা নাকাজিমা বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের কোন এলাকায় বিপুল বর্জ্য জমছে তা দ্রুত শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ভবিষ্যতে এটি সমুদ্রের তলদেশের প্লাস্টিক বর্জ্য নিয়মিত পর্যবেক্ষণে সহায়তা করবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!