বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে গত মৌসুমে ৭৩ গোল করা হ্যারি কেইনের ক্যারিয়ারে যোগ হয়েছে অবিশ্বাস্য এক অধ্যায়। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যালন ডি'অরের দৌড়ে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন ইংলিশ তারকা। তবে ব্যক্তিগত এই পুরস্কার নিয়ে আপাতত খুব একটা ভাবছেন না কেইন। তার চোখ এখন নতুন মৌসুমের লক্ষ্য ও সম্ভাব্য অর্জনের দিকে।
২০২৫-২৬ মৌসুমকে নিজের ক্যারিয়ারের সেরা সময় হিসেবে দেখছেন কেইন। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় অর্জনেও সন্তুষ্ট তিনি। গত মৌসুমে ৭৩ গোল করে ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর এক মৌসুমে এত বেশি গোল করা প্রথম খেলোয়াড় হয়েছেন কেইন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'-কে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স নিয়ে কেইন বলেন, 'নিজের সম্পর্কে বেশি কথা বলা আমার কখনোই পছন্দ নয়। তবে এটুকুই বলব, ব্যক্তিগত ও দলীয় দুই দিক থেকেই গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে।'
এরপর নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম কোনটি, এমন প্রশ্নের উত্তরেও দ্বিধা করেননি কেইন। তিনি বলেন, 'বিনা দ্বিধায় বলা যায়, এটিই ছিল আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।'
গত মৌসুমে ৭৩ গোলের কীর্তি গড়ায় স্বাভাবিকভাবেই ব্যালন ডি'অর আলোচনায় উঠে এসেছে কেইনের নাম। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর কোনো ইংলিশ ফুটবলার এই পুরস্কার জিততে পারেননি। এবার কেইনের পাশাপাশি আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিন ইয়ামাল।
তবে এত বড় ব্যক্তিগত অর্জনের পরও ব্যালন ডি'অর নিয়ে নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়কে গুরুত্ব দিতে চান না কেইন। তিনি বলেন, 'এই গোল সংখ্যা নিয়ে আমি সত্যিই দারুণ গর্বিত... তবে ব্যালন ডি'অর পাওয়ার বিষয়টি তো আর আমার হাতে নেই। এটি পুরোটাই নির্ভর করছে ভোটারদের ওপর। আমার কাছে গত মৌসুম এখন অতীত।'
কেইনের কাছে তাই পুরোনো সাফল্য এখন পেছনের অধ্যায়। সামনে কী করা যায়, সেটিই তার মূল ভাবনা। তিনি বলেন, 'আমি এখন নতুন মৌসুম নিয়ে ভাবছি এবং সামনে আর কী কী অর্জন করা যায়, সেদিকেই নজর দিচ্ছি।'
আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ব্যালন ডি'অরজয়ীর নাম। তার আগে কেইনকে ঘিরে আলোচনা থাকলেও পুরস্কারটি কার হাতে উঠবে, সেটি নির্ভর করবেন ভোটারদের ওপর। এমবাপ্পে ও ইয়ামালও এরই মধ্যে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!