স্পোর্টস ডেস্ক: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও রাজত্ব করল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্সেনালকে স্পটকিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিজেদের দখলে রেখেছে পিএসজি। এই জয়ের মাধ্যমেই ব্যক্তিগত অর্জনের চূড়ায় পৌঁছেছেন দলের ব্রাজিলিয়ান তারকা লুকাস বেরালদো। রিয়াল মাদ্রিদের রদ্রিগোকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ের অনন্য ইতিহাস গড়েছেন তিনি।
২০২৪-২৫ এবং ২০২৫-২৬—টানা দুই মৌসুমে পিএসজির রক্ষণভাগের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেরালদো। তার এই কীর্তি ফুটবলের পরিসংখ্যানবিদদের নতুন করে হিসাব-নিকাশে বাধ্য করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, লুকাস বেরালদো মাত্র ২২ বছর, ৬ মাস এবং ৬ দিন বয়সে এই রেকর্ড অর্জন করলেন। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। তিনি ২৩ বছর, ৪ মাস এবং ২৩ দিন বয়সে দুইবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন। দীর্ঘদিনের সেই রেকর্ডটি ভেঙে এখন সিংহাসনে বসার গৌরব অর্জন করলেন বেরালদো।
টানা দুই মৌসুমে ইউরোপ সেরা হওয়ার এই যাত্রা পিএসজি দলের সম্মিলিত পরিশ্রমের ফল হলেও, বেরালদোর ব্যক্তিগত এই মাইলফলক তাকে বিশ্ব ফুটবলের তরুণ তুর্কিদের সারিতে এক অনন্য উচ্চতায় বসালো।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!