বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের পরিচিত মুখ মারিও ভিল্লাভারায়ানে আবার ফিরেছেন। ছয় বছর পর রিহ্যাব ম্যানেজার হিসেবে বাংলাদেশ ক্রিকেটে যোগ দিয়েছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথমবার মিরপুর হোম অব ক্রিকেটে তাকে দেখা গেছে। জিডি কাপের ম্যাচও কিছুক্ষণ দেখেছেন তিনি।
২০১৪ সালে জাতীয় দলের সিনিয়র পুরুষ দলের ট্রেনার হিসেবে বিসিবিতে যোগ দেন মারিও। টানা ছয় বছর এই দায়িত্ব পালনের পর ২০২০ সালে পদত্যাগ করে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন।
এরপর বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এবং কয়েকটি জাতীয় দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন ৫২ বছর বয়সী এই ফিটনেস বিশেষজ্ঞ। আগস্টের শুরুতে তার আসার কথা থাকলেও এক মাস পর যোগ দিলেন তিনি।
সম্প্রতি ক্রিকেটারদের ফিটনেস, রিহ্যাব এবং ইনজুরি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিসিবি। লিটনের চোট ধরতে না পারা, নাহিদের চোট এবং রিহ্যাব কার্যক্রম নিয়ে বিপদ চরমে। সব মিলিয়ে পাঁচ পেসার চোটাক্রান্ত। বিসিবির মেডিকেল বিভাগ নিয়ে হচ্ছে নানা সমালোচনা। এ জন্য নড়েচড়ে বসেছে বোর্ড।
গত ২৯ জুলাই তামিম বলেছিলেন, 'আমরা ইতিমধ্যে একজন রিহ্যাব ম্যানেজার নিয়োগ দিয়েছি। মারিও আগে এখানে কাজ করেছেন। তিনি আবার বাংলাদেশে ফিরছেন এবং পুনর্বাসন (রিহ্যাব) কার্যক্রমের দায়িত্ব দেখবেন। আমাদের লক্ষ্য, অতীতে যেসব সমস্যা হয়েছে, সেগুলো যেন আর না হয়।'
মারিও জুলিয়ান কালেফাতোর জায়গা পূরণ করবেন। ২০২৩ সালে বিসিবি ছেড়ে যাওয়ার পর থেকে স্থানীয় কোচরাই এই দায়িত্ব পালন করে আসছিলেন। মারিওর প্রত্যাবর্তনকে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, বিশেষ করে খেলোয়াড়দের ফিটনেস ও পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিসিবি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!