আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল শুক্রবারের বিকেল। আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বাইক শোডাউন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে শত শত সমর্থক তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান।
শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। আর্জেন্টিনার জাতীয় পতাকা, নীল-সাদা জার্সি ও বিভিন্ন ব্যানারে সজ্জিত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে।
শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মনোরম মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও আনন্দঘন উপস্থিতিতে টেকনাফজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা উপভোগ করেন এক আনন্দঘন বিকেল।
আয়োজকদের পক্ষ থেকে হেলাল উদ্দিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
স্থানীয়দের মতে, ফুটবলকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন টেকনাফের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি এটি ফুটবলপ্রেমীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!