উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

আইডল মুশফিককে ছাড়িয়ে ইতিহাস গড়লেন হৃদয়

আইডল মুশফিককে ছাড়িয়ে ইতিহাস গড়লেন হৃদয়
লেখা বড়/ছোট করুন:

ঢাকার মতো সিলেট টেস্টেও যেন হারের বৃত্তে বন্দি হতে বসেছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিংয়ে যখন দল ধুঁকছিল, ঠিক তখনই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এক মহাকাব্যিক ও বীরোচিত ইনিংস খেললেন তাওহীদ হৃদয়। উইকেটে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে বাংলাদেশকে টেস্ট লড়াইয়ে দুর্দান্তভাবে ফিরিয়েছেন এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই এমন রূপকথার জন্ম দিলেন হৃদয়। এর আগে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে মাত্র ৫৪ রান করায় এবং ঢাকা টেস্টে প্রশ্নবিদ্ধভাবে উইকেট বিলিয়ে দেওয়ায় তার দলে জায়গা পাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সিলেট টেস্টে ব্যাট হাতে সব সমালোচনার দারুণ এক জবাব দিলেন হৃদয়। গড়লেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড।

এতদিন টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের ২১৯ রানের অপরাজিত ইনিংসটিই ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড ভেঙে এখন দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন মালিক তাওহীদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৩৫৩ বলে ২৩৬ রানে অপরাজিত আছেন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন হৃদয়। এর আগে টেস্টে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৮১ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। এমনকি টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ১০টি ছক্কা হাঁকানোর একক রেকর্ড এখন হৃদয়ের দখলে। মুশফিকুর রহিম (৩টি), সাকিব আল হাসান ও তামিম ইকবালের (একটি করে) পর মাত্র চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির অভিজাত ক্লাবে নাম লেখালেন হৃদয়।

সিলেট টেস্টে যখন ব্যাটিংয়ে নামেন হৃদয়, দলের স্কোরবোর্ডে রান ছিল মাত্র ২২। ইনজুরির কারণে ওপেনার সাদমান ইসলাম ব্যাট করতে নামতে না পারায় দলের ওপর চাপ আরও বাড়ে। দ্বিতীয় দিনে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ার পর আজ দিনের শুরু থেকেই একে একে সাজঘরে ফেরেন বাকি সতীর্থরা। দলের এমন চরম বিপর্যয়ে অন্য প্রান্তে যোগ্য কোনো ব্যাটারকে না পেয়ে একরকম লেজের সারির ব্যাটারদের সঙ্গেই একা হাতে লড়াই চালিয়ে যান হৃদয়।

সমালোচকদের মুখ বন্ধ করে হৃদয়ের এই হৃদয়হরণী ইনিংস বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দীর্ঘকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!